মাত্র পাঁচ দিন আগেই শ্রীলঙ্কার বিপক্ষে যুব ওয়ানডে সিরিজে বিধ্বংসী সেঞ্চুরি হাঁকিয়েছিলেন জাওয়াদ আবরার। ওই সেঞ্চুরির রেশ কাটতে না কাটতেই ফের তার ব্যাটে দেখা গেল ঝড়। আজ শনিবার যুব ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে শনিবার সেঞ্চুরি করেছেন বাংলাদেশের এই ওপেনার।
কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে এদিন জাওয়াদ আবরারের ব্যাট থেকে এসেছে ১১৫ বলে ১৪ চার ও ৩ ছক্কায় ১১৩ রান। ৪৫ বলে ফিফটি করার পর একটু ধীরে ব্যাট চালিয়েছেন। দুলনিথ সিগেরাকে ছক্কায় উড়িয়ে তিন অংকে পৌঁছতে তার লেগেছে আরও ৬০ বল। এছাড়া রিজান আহমেদের ৭৭ বলে ৮২ আর সাইমুন বশিরের ৮ বলে ২৩ রানে বাংলাদেশ সংগ্রহ করেছে ৮ উইকেটে ৩৩৬ রান।
শ্রীলঙ্কায় চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচেই ১০৬ বলে ১৪ চার ও ৬ ছক্কায় অপরাজিত ১৩০ রান করেছিলেন জাওয়াদ। যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে একাধিক সেঞ্চুরি করা মাত্র চতুর্থ ওপেনার তিনি। এর আগে ওপেন করতে নেমে দুটি করে সেঞ্চুরি করেছেন অমিত মজুমদার, পিনাক ঘোষ ও সাইফ হাসান। যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে রেকর্ড ৫টি সেঞ্চুরি করেছেন তাওহিদ হৃদয়। চারটি করে আছে আরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়ের।