গাজীপুরের শ্রীপুরে তৃতীয় বিয়ে নিয়ে দ্বন্ধের জেরে দ্বিতীয় স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে ঘাতক স্বামী আসাদুল্লাহ আকন্দের বিরুদ্ধে। শুক্রবার (২ মে) রাতে পৌরশহরের গিলারচালা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ।
নিহত আম্বিয়া খাতুন (৩৫) উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রামের আসাদুল্লাহর আকন্দের দ্বিতীয় স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে গিলারচালা গ্রামের রুবেল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
জানা যায়, আসাদুল্লাহর প্রথম স্ত্রীও আছে। আম্বিয়া আক্তার আসাদুল্লাহর দ্বিতীয় স্ত্রী। তাকে নিয়ে বাড়ি থেকে বেশ দূরেই বাসা ভাড়া নিয়ে থাকতেন। বেশ কিছু দিন ধরে আসাদুল্লাহ আবারও বিয়ে করতে (তৃতীয় বিয়ে) চাচ্ছিলেন। এ নিয়ে স্বামী স্ত্রীর মাঝে প্রায় সময় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। শুক্রবার (৩ মে) রাতেও তাদের মধ্যে একই বিষয়ে নিয়ে ঝগড়াবিবাদ হয়। পরে সকালে ঘরের মেঝেতে আম্বিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, অভিযান চালিয়ে ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।