চট্টগ্রামের পটিয়ায় সৌদিয়া পরিবহনের ধাক্কায় মো. ইয়াসিন (৪০) প্রকাশ কালু সওদাগর নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টায় মহাসড়কের হরিনখাইন হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন পটিয়া কুসুমপুরা ইউনিয়নের দক্ষিণ হরিণখাইন এলাকার শামসুল আলমের ছেলে। তিনি পটিয়া ফকিরা মসজিদ বাজারে ডেকোরেশনের ব্যবসা করতেন বলে জানা গেছে।
হাইওয়ে থানার পুলিশ জানায়, সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিলো। কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হরিণখাইন হাসপাতাল এলাকা অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ওই মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান আরোহী।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।