সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে শুকনা মরিচের দাম কমেছে কেজিতে ৮০ থেকে ১শ টাকা করে। বাজারে শুকনা মরিচের দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষজন। সরবরাহ এমন থাকলে সামনের দিনে শুকনা মরিচের দাম বাড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিক্রেতারা।
হিলি বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি দোকানেই শুকনা মরিচের সরবরাহ ভালো। যে শুকনা মরিচ একসপ্তাহ আগে প্রতি কেজি প্রকারভেদে ২৪০ থেকে ২৬০ টাকা দরে বিক্রি হয়েছে বর্তমানে তা কমে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। শুকনা মরিচের দাম কমায় বিক্রি বেড়ে গিয়েছে বলে দাবি বিক্রেতাদের। তবে কারেন্ট মরিচ ৩শ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে।
হিলি বাজারের শুকনা মরিচ ক্রেতা আনছার আলী বলেন, কিছুদিন ধরে শুকনা মরিচ ২৪০ থেকে ২৬০ টাকা বিক্রি হচ্ছিল। বাড়তি দামের কারণে সংসার চালাতে যেমন হিমশিম খেতে হচ্ছিল। পরিমাণ কমিয়ে কিনতে হচ্ছিল। তবে সপ্তাহের ব্যবধানে শুকনা মরিচের দাম কেজিতে ৮০ টাকা থেকে ১শ টাকা কমেছে। এখন ১৬০ টাকায় এক কেজি শুকনা মরিচ কিনতে পারছি। এতে পরিবারের চাহিদামত শুকনা মরিচ কিনতে পারছি।
হিলি বাজারের শুকনা মরিচ বিক্রেতা আবুল হাসনাত জানান, এতদিন বাজারে শুধুমাত্র বগুড়ার শুকনা মরিচের সরবরাহ ছিল। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি ছিল। কিন্তু ইতোমধ্যেই পঞ্চগড়ের বিন্দু জাতের শুকনা মরিচ বাজারে আসতে শুরু করেছে। এছাড়া বর্তমানে কাঁচামরিচের দাম কম থাকায় অনেক কৃষক তা শুকিয়ে বাজারে বিক্রি করছেন। যার কারণে দাম কমতে শুরু করেছে। বর্তমানে আমরা শুকনা মরিচ ১৬০ টাকা কেজি দরে বিক্রি করছি যা আগে ২৪০ থেকে ২৬০ টাকা ছিল। শুকনা মরিচের সররবাহ অব্যাহত থাকলে দাম বাড়বে না বলে জানিয়েছেন তিনি।