জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক অলরাউন্ডার সাকিব আল হাসানকে আওয়ামী লীগে যোগ না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
শনিবার (৩ মে) ঢাকায় এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
এসময় বলেন, ‘আমি সাকিব আল হাসানকে স্পষ্টভাবে বলেছিলাম আওয়ামী লীগে যোগ না দিতে। কারণ, আমি মনে করি আওয়ামী লীগের আয়ু আর বেশি দিন নেই। সে যদি নির্বাচনে না নামত, তাহলে ঢাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারত। এখন তো নিজের বাড়িতেও যেতে কষ্ট হচ্ছে।’
সাবেক এই সেনা কর্মকর্তা আরও বলেন, ‘আওয়ামী লীগ ক্রীড়াঙ্গনের জন্য কখনো আন্তরিক ছিল না। বরং তারা খেলোয়াড়দের বিপদেই ফেলেছে বেশি। খেলোয়াড়দের উচিত, খেলোয়াড়সুলভ আচরণ বজায় রাখা। অল্প বয়সে অনেকেই পথভ্রষ্ট হয়, সেটা স্বাভাবিক। তবে তাদের জন্য দরকার সঠিক দিকনির্দেশনা।’
তামিম ইকবালের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘তামিমকে ঠিকমতো সামলাতে পারেনি বোর্ড। আসলে আওয়ামী লীগ জানেই না কিভাবে একজন খেলোয়াড়কে হ্যান্ডেল করতে হয়।’
এ সময় দেশের উঠতি ক্রীড়াবিদদের মানসিক ও আর্থিক দিক থেকে গড়ে তোলার জন্য পেশাদার পরামর্শদাতা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। তার ভাষায়, ‘এক্সাটারের মতো কোনো উপদেষ্টা প্রতিষ্ঠান থাকলে ভালো হতো। তরুণ বয়সে যারা অনেক টাকা পায়, তারা যেন বিপথে না যায়, সেটাও দেখতে হবে।’