গোয়ালন্দে এক কাতলের দাম ৫৩ হাজার টাকা

রাজবাড়ী উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়েছে একটি বিশাল আকৃতির কাতল মাছ। বিশাল এই কাতল মাছটির ওজন ২৮ কেজি, যা বিক্রি হয়েছে ৫৩ হাজার ২শত টাকায়। মাছটি বাজারে আনা মাত্রই দেখতে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় লোকজন ও উৎসুক ক্রেতারা। 

শনিবার (০৩ মে) সকালে উপজেলার দৌতলদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে জেলে জামাল প্রামাণিকসহ তার সহযোগিরা জাল ফেললে মাছটি ধরা পড়ে। পরে জেলে জামাল প্রামাণিক উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন মমিন মণ্ডলের মৎস্য আড়তে মাছটি বিক্রি করতে নিয়ে আসলে উন্মুক্ত নিলামের মাধ্যমে মো. চান্দু মোল্লা ১ হাজার ৮শ টাকা প্রতি কেজি দরে ৫০ হাজার ৪শ টাকায় মাছটি কিনে নেয়। 

স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, মাছটি ১ হাজার ৮শ টাকা কেজি দরে মোট ৫০ হাজার ৪শ টাকা দিয়ে কিনে নেই। পরে মাছটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৯শ টাকা প্রতি কেজি দরে মোট ৫৩ হাজার ২শ টাকায় বিক্রি করেছি।

স্থানীয় জেলেরা জানান, বর্ষা শুরুর আগমুহূর্তে পদ্মা নদীতে বড় বড় মাছ প্রায় ধরা পড়ে। এ ধরনের বড় মাছ ধরা পড়লে বাজারে ব্যবসায়ীদের ভিড় জমে, তেমনি জেলেদের মুখেও হাসি ফোটে।