চট্টগ্রাম থেকে প্রথম হজ ফ্লাইটের যাত্রা শুরু

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন যাত্রী নিয়ে মদিনার উদ্দেশে যাত্রা শুরু করেছে এবারের প্রথম হজ ফ্লাইট। শনিবার (৩ মে) বিকাল ৫টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-১৩৭ নামের ফ্লাইটটি যাত্রা শুরু করে। 

প্রথম হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর। সভাপতিত্ব করেন বিমান চট্টগ্রাম জেলার ব্যবস্থাপক আল মামুন ফারুক।

এসময় মেয়র হজযাত্রীদের মাঝে ওষুধ, খেজুর, আতরসহ বিভিন্ন উপহার বিতরণ করেন এবং তাদের সুস্বাস্থ্য রক্ষার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন। মেয়র হাজীরা সাধারণত যেসব অসুস্থতা মোকাবিলা করেন সেগুলোর বিষয়ে সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন এবং অসুস্থ হলে করণীয় সম্পর্কে হাজীদের পরামর্শ দেন। তিনি হাজীদের কাছে দেশ ও জাতির জন্য দোয়া কামনা করেন এবং চট্টগ্রামের চলমান উন্নয়ন কার্যক্রম সফল হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করার জন্য হাজীদের বিশেষভাবে অনুরোধ জানান। 

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর জানান, এবার চট্টগ্রাম থেকে মোট ১৭টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে ১৪টি যাবে জেদ্দায় এবং ৩টি মদিনায়। সব মিলিয়ে চট্টগ্রাম থেকে ৬ হাজার ৬১৮ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হজ এজেন্সীস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) চট্টগ্রাম জোনের চেয়ারম্যান শরীয়ত উল্লাহ শহীদ, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) চট্টগ্রাম জোনের চেয়ারম্যান মো. আবু জাফর, হাব সেক্রেটারি মো. আব্দুল মালেক, আটাব সেক্রেটারি মো. ইদ্রিস মিয়া উপস্থিত ছিলেন।