এই দিনে

১৯৮৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন শিক্ষাবিদ ও প্রাবন্ধিক আবুল ফজল। তিনি ১৯০৩ সালের ১ জুলাই চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মৌলভী ফজলুর রহমান। তিনি ১৯২৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ, ১৯৩১ সালে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিটি এবং ১৯৪০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন। ১৯৪১ সালে তিনি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর কলেজে বাংলা বিভাগে লেকচারার নিযুক্ত হন। ১৯৪৬ সালে চট্টগ্রাম কলেজে বদলি হন। ১৯৫৬ সালে অধ্যাপক পদে উন্নীত হন। ১৯৭৩ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন। ১৯৭৫ সাল পর্যন্ত এ পদে বহাল ছিলেন। পরে রাষ্ট্রপতির উপদেষ্টা পরিষদের সদস্য নিযুক্ত হন।  ঢাকার ‘মুসলিম সাহিত্য সমাজ’ (১৯২৬)-এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন আবুল ফজল। এই আন্দোলনের মুখপত্র ছিল বার্ষিক শিখা পত্রিকা। স্বদেশপ্রীতি, অসাম্প্রদায়িক জীবনচেতনা, সত্যনিষ্ঠ, মানবতা ছিল তার সাহিত্যের প্রতিপাদ্য। তিনি বাংলা একাডেমি পুরস্কার, রাষ্ট্রপতির রাষ্ট্রীয় পুরস্কার, ‘রেখাচিত্র’ বইয়ের জন্য আদমজী সাহিত্য পুরস্কার পান। ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ১৯৭৪ সালে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। ১৯৬৭ সালে সরকার রেডিও ও টেলিভিশনে রবীন্দ্রসংগীত প্রচার বন্ধের সিদ্ধান্ত নিলে তিনি এর বিরুদ্ধে প্রতিবাদ জানান।