সোমবার নয়, আগামী মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার তারিখ একদিন পেছানোর তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিএনপি মহাসচিবের নির্দেশে আমাদের জানিয়েছেন, বেগম জিয়া ৫ মে লন্ডন থেকে রওয়ানা হয়ে ৬ মে ঢাকায় পৌঁছাবেন।
এর আগে শনিবার বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথসভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, বিমানে নয়, কাতারের রাজপরিবারের মালিকানাধীন এয়ার অ্যাম্বুলেন্স করেই বাংলাদেশে আসবেন বেগম জিয়া। তবে সে সময় ফেরার সময় চূড়ান্ত করা হয়নি।
জানা গেছে, বেগম জিয়ার সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানও দেশে ফিরবেন।
চলতি বছরের ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশে দেশ ছেড়ে যান বিএনপি চেয়ারপারসন। কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। ৭৯ বছর বয়সী বেগম জিয়া লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদ্রোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন তিনি।