প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ ছিলেন নিরাপত্তাকর্মী মো. রাজন ইসলাম দিপু। ঘটনায় খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল দিপুর সন্ধান চেয়ে। তবে সন্ধান মিলেছে ঠিকই, জীবিত নয়, লাশ হয়ে পড়ে থাকা দিপুর। পুলিশের ধারণা এটি পরিকল্পিত হত্যাকা-।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগ ভূঁইয়াপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনের বেজমেন্ট থেকে দীপুর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ভবনেরই নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন দিপু। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গত ১ মে থেকে নিখোঁজ ছিলেন দিপু।
খিলগাঁও থানার এসআই ইন্দ্র মোহন রায় বলেন, পুলিশ মরদেহ পড়ে থাকার খবর পেয়ে বেলা ১১টার দিকে ঘটনাস্থলে যাই। নিহতের মাথায় পেছন দিক থেকে আঘাত করার চিহ্ন পাওয়া গেছে, পাশাপাশি গলায় দাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কোনো বিরোধের কারণে ওই নিরাপত্তাকর্মীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রথমে পেছন দিক থেকে ভারী কোনো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। মৃত্যু নিশ্চিত করার জন্য ফাঁস দেওয়া হয়। পরে মরদেহ গুম করার উদ্দেশে ফেলে রাখা হয়।
পুলিশ আরও জানিয়েছে, খিলগাঁওয়ের সিপাহীবাগ ভূঁইয়াপাড়া ২ নম্বর রোডের হাজি গলির নির্মাণাধীন ভবনটির নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন দিপু। ওই ভবনের লিফটের বেজমেন্টের জন্য করা খালি জায়গায় মরদেহ পাওয়া যায়। সেখানে পানি ভর্তি ছিল। হত্যার পর মরদেহ পানির মধ্যে ফেলে রাখা হয়। মরদেহ দুদিন আগের হওয়ায় কিছুটা দুগন্ধ ছড়িয়েছে। ফুলেও গেছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মূল রহস্য পাওয়া যাবে।
নিহতের ভাই কামরুল ইসলাম জানান, তার ভাই নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিল। তার এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। গত ১ মে প্রেমিকার সঙ্গে দেখা করবে বলে বাসা থেকে বের হয়। এরপর আর বাসায় ফেরেনি। তিনি আরও বলেন, একাধিকবার দিপুকে ফোন দিলেও ফোনে পাওয়া যায়নি। পরে ২ মে আমরা খিলগাঁও থানায় জিডি করি। সকালে খবর পাই আমার ভাই যেখানে নিরাপত্তাকর্মীর কাজ করে সেখানে লিফটের বেজমেন্টের পানিতে তার লাশ ভেসে রয়েছে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছে।
নিহত দিপুর বাড়ি ভোলার চরফ্যাশন থানা এলাকায়। তিনি খিলগাঁও সিপাহীবাগ ভূঁইয়াপাড়া ২ নম্বর রোডের হাজি গলির নির্মাণাধীন ভবনে থাকতেন।