জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বিগত ১৬ বছর আওয়ামী লীগ ও শেখ হাসিনা বাংলাদেশকে পুতুল রাষ্ট্র হিসেবে ভারতের কাছে উপস্থাপন করেছে। বাংলাদেশের মানুষের মানবিক ও নাগরিক মর্যাদার প্রশ্নে ভারতের আধিপত্যবাদী মনোভাব কাজ করেছে। তারা বাংলাদেশের মানুষকে মানুষ মনে করেনি। এ দেশের মানুষ মর্যাদা নিয়ে বাঁচার স্বপ্ন দেখে, এ মেসেজ ভারতের কাছে পরিষ্কার ছিল না। দেশের মানুষ তাদের মর্যাদা ও অধিকারের প্রশ্নে একাট্টা হয়েছে। গতকাল শনিবার রংপুরের পীরগাছা উপজেলার দেউতি বাজারসংলগ্ন দেউতি পুরাতন মাঠে যুব সমাজের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, পরিবর্তিত প্রেক্ষাপটে এ দেশের মানুষ যখন তাদের হারানো মর্যাদাকে পুনরুদ্ধারের লড়াইয়ে লিপ্ত, ঠিক তখনই সীমান্তে উত্তেজনা শুরু করেছে ভারত। দেশের কোনো সীমান্তে অন্যায় হলে বিজিবির পাশাপাশি জনতার এখন যে ভূমিকা দেখেছি, তার আমি সাধুবাদ জানাই। এটি ২৪-এর গণঅভ্যুত্থানের শিক্ষা ও অন্যায়ের প্রতিবাদের অনন্য দৃষ্টান্ত।
প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক রক্ষায় এনসিপি বিশেষ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমরা চাইব ভারত ও বাংলাদেশের জনতাকে যেন সীমান্তবর্তী সমস্যায় যুক্ত হতে না হয়। ভারত সরকার যেন বাংলাদেশের নাগরিকদের প্রতি ভালো আচরণ করে। তারা যেন বাংলাদেশের মানুষের প্রতি নেতিবাচক ও নিচু দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসে।