পিছিয়ে পড়েও বার্সেলোনার দারুণ জয়

অবনমন নিশ্চিত হয়ে যাওয়া রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে ম্যাচ শুরুর পরপরই পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। সেখান থেকে ঘুরে দাড়িয়ে তারা ২-১ গোলের দারুণ জয় তুলে নিয়েছে। দ্বিতীয়ার্ধে রাফিনহা সমতা ফেরানোর পর দলকে তিন পয়েন্ট এনে দিয়েছেন ফেরমিন লোপেস। এই জয়ে ৩৪ ম‍্যাচে ২৫ জয় ও চার ড্রয়ে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করল বার্সা। দুইয়ে থাকা রিয়ালের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান বেড়ে হলো সাত।

শনিবার রাতে প্রতিপক্ষের মাঠ এস্তাদিও হোসে জোরিলায় অনুষ্ঠিত লা লিগার ম্যাচটির ৬ষ্ঠ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। সানচেজের সাদামাটা শট রোনাল্দ আরাউহোর পায়ে লেগে অদ্ভূতভাবে লাফিয়ে উঠে জালে জড়ায়। গোলকিপার স্টেগানের কিছুই করার ছিল না। এরপর থেকে একের পর এক আক্রমণ চালিয়েছে বার্সা। কিন্তু গোল আসেনি। এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে রাফিনহা আর ফ্রেংকি ডি ইয়ংকে মাঠে নামান বার্সেলোনা কোচ। ৫৪তম মিনিটে ইয়ামালের ক্রস থেকে বল পেয়ে যান রাফিনহা। বুক দিয়ে বল নামিয়ে ঠাণ্ডা মাথায় ম্যাচে সমতা ফেরান এই ব্রাজিলিয়ান তারকা। ছয় মিনিট পর মার্তিনের ক্রসে ডি বক্সের ঠিক ভেতর থেকে দূরের পোস্ট ঘেঁষে চমৎকার গোলে বার্সেলোনাকে এগিয়ে নেন লোপেস। ৭৪তম মিনিটে সমতা ফেরানোর দারুণ সুযোগ পেয়েও মিস করে ভাইয়াদলিদ।