নারায়ণগঞ্জে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা 

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের লাকিবাজার এলাকায় ইয়াসিন নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩ মে) রাত সাড়ে ৮ টার দিকে বুকে ছুরিকাঘাতে আহত ইয়াসিনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত ইয়াসিন (১৬) সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর লাকিবাজার এলাকার শহীদুল ইসলামের ছেলে। সে কয়েকদিন ধরে একজন রাজমিস্ত্রির সহকারি হিসেবে কাজ করছিল।

ইয়াসিনের স্বজনরা জানায়, রাত সাড়ে ৮ টার দিকে ইয়াসিন ছুরিকাঘাতে জখম অবস্থায় রাস্তায় পড়ে থাকার খবর শুনে তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। ইয়াসিনকে কি কারণে কারা হত্যা করেছে সেটা তারা জানেনা। তারা খুনীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করে।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এসআই শাহআলম জানান, নিহত কিশোর ইয়াসিনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।