পঞ্চগড়ে মাদক বিক্রির সময় গ্রেপ্তার মা ও ছেলে

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদক বিক্রির সময় মাদক কারবারি মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (৩ মে) সন্ধায় পামুলি ইউনিয়নের খগেরহাট এলাকায় মাদক বিক্রির সময় এসআই জামিউর ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাদের গ্রেপ্তার করেন।

রবিবার (৪ মে) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানার আউলিয়াপুর ইউনিয়নের হিরু মিয়ার স্ত্রী শিরিন আক্তার (৪৫) ও তাদের ছেলে খাদেমুল ইসলাম বাবু (২৪)।

পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন থেকে শিরিন ও খাদেমুল ঠাকুরগাঁও থেকে এসে দেবীগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতো। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় একই উদ্দেশ্যে খগের হাট থেকে সাদ্দামের মোড়ের দিকে যাওয়ার পথে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এই সময় তাদের কাছ থেকে ৪০ পিস নিষিদ্ধ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, খাদেমুলের বিরুদ্ধে এর আগেও মাদক মামলা ছিল। একসাথে মাদকসহ মা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।