শিবপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল মায়ের

নরসিংদীর শিবপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ হারিয়েছেন শামসুন্নাহার (৭০) নামের এক মা। রবিবার (৪ মে)  ভোরে উপজেলার বৈলাব গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে জাবের হোসেনকে (২৮) আটক করেছে পুলিশ।

নিহত শামসুন্নাহার উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৃত নরুল হক মাষ্টারের ২য় স্ত্রী।

জানা যায়, মাদকের টাকার জন্য জাবের প্রায়ই মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেন। জাবের নেশা করায় গত তিনদিন ধরে তাকে ঘরে আটকে রাখা হয়েছিলো। রবিবার ভোরে ছেলে ডাকাডাকি করায় ঘরে গেলে ক্ষিপ্ত হয়ে দরজার হাতলে আঘাত করে মাকে হত্যা করে। বিষয়টি প্রতিবেশীরা জানতে পেরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন জানান, মরদেহ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জাবেরের সৎ ভাই খলিলুল্লাহ এ ঘটনায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করছেন।