রূপগঞ্জে কাভার্ডভ্যান চাপায় নারী গার্মেন্ট শ্রমিক নিহত

নারায়গঞ্জের রূপগঞ্জে কাভার্ডভ্যান চাপায় লাকী আক্তার (২৬) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। রবিবার (৪ মে) সকাল ৮ টার দিকে উপজেলার তারাবো বিশ্বেরাড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্ডভ্যান চালক মোক্তার হোসেনকে আটক করেছে পুলিশ। 

নিহত লাকী আক্তার কিশোরগঞ্জের তারাইল থানাধীন সেকান্দর নগর এলাকার আলামীনের স্ত্রী। 

রূপগঞ্জ থানার এসআই রিয়াদুল ইসলাম জানান, গার্মেন্ট শ্রমিক লাকী আক্তার তারাবো বিশ্বরোড থেকে কর্মস্থলে যাবার পথে বিপরীতদিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। এসময় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা ১১ টারদিকে চিকিৎসারত অবস্থায় মারা যান লাকী আক্তার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানসহ চালক মোক্তার হোসেনকে আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।