পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জেরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ব্লক করেছে ভারত।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের পর ধারাবাহিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। নয়াদিল্লি এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে।
সাম্প্রতিক দিনগুলোতে ভারত ইতিমধ্যে বেশ কয়েকটি পাকিস্তানি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও মিডিয়া প্ল্যাটফর্ম ব্লক করেছে। এছাড়া সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে ভারত।
সিন্ধু পানি চুক্তি স্থগিতের পর প্রতিক্রিয়ায় বিলাওয়াল ভুট্টো বলেছিলেন, সিন্ধু নদ পাকিস্তানের কাছ থেকে ডাকাতির চেষ্টা করছে ভারত। পানি প্রবাহ বন্ধ করে দিলে সিন্ধু নদে ভারতীয়দের রক্ত বইবে বলে হুংকার দেন তিনি।
বিলাওয়াল বলেন, সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরাধিকারীরা পাকিস্তানে বাস করেন। তাই বৈধ উত্তরাধিকারী হিসেবে পাকিস্তান কখনও এই নদের ওপর তার দাবি ত্যাগ করবে না।
পহেলগাঁও নিয়ে সংঘাতের মধ্যে ধাপে ধাপে পাকিস্তানি বহু রাজনীতিক, অভিনেতা-অভিনেত্রীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করেছে ভারত। একদিন আগেই পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লা তারারের এক্স অ্যাকাউন্ট ব্লক করা হয়।
এর পাশাপাশি, পাকিস্তানি তারকা হানিয়া আমির, মাহিরা খান, আলি জাফর, ফাওয়াদ খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করেছে ভারত। ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল ব্লক করা হয়েছে। তাদের বিরুদ্ধে উসকানিমূলক, সাম্প্রদায়িক এবং অপতথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে। ওই ১৬টি ইউটিউব চ্যানেলের মধ্যে কিছু পাকিস্তানি সংবাদমাধ্যমও রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ইউটিউব চ্যানেল ব্লক করা হয় শুক্রবার।