লা লিগায় শনিবার রাতে বার্সেলোনা ২-১ গোলে হারায় ভায়াদোলিদকে। গতকাল নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদ ৩-২ গোলে হারিয়েছে সেল্তা ভিগোকে। তাতে ৩৪ রাউন্ড শেষে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে দুইয়ে থাকা রিয়ালের পয়েন্টের ব্যবধান চারই রইলো। লিগের পরবর্তী ম্যাচেই মুখোমুখি হবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ।
সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল প্রথমার্ধেই এগিয়ে যায় দুই গোলে। ৩৩ মিনিটে আর্দা গুলের গোল করার ছয় মিনিট পর ব্যবধান বাড়ান কিলিয়ান এমবাপ্পে। বেলিংহ্যামের দারুণ লং বল ধরে গোল করেন এমবাপ্পে। দ্বিতীয়ার্ধের তিন মিনিটে ফের ব্যবধান বাড়ান এমবাপ্পে।
তবে আট মিনিটে মধ্যে দুই গোল শোধ দিয়ে ম্যাচ জমিয়ে তোলে সেল্তা। ৬৯ মিনিটে জাভি রদ্রিগেজ, ৭৬ মিনিটে উইলিয়ট সুইডবের্গ গোল করেন।
রিয়াল মাদ্রিদ গোলকিপার থিবো কোর্তোয়া ম্যাচে বেশ কয়েকটি ভালো সেভ দেন। তার দারুণ একটি সেভ এর কারণেই ম্যাচে সমতা ফেরেনি।