৫৩ বছরে গণতন্ত্র সুরক্ষিত হয়নি, ভূলুণ্ঠিত হয়েছে

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, গত ৫৩ বছরে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গড়ে উঠতে পারেনি। গণতন্ত্রকে পর্যুদস্ত করার চেষ্টা করতে দেখেছি এবং এই অভিপ্রায় সফল হতেও দেখেছি। যার ফলে এ দেশে গণতন্ত্র সুরক্ষিত হয়নি বরং বারবার ভূলুণ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার ঢাকায় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টির আলোচনার শুরুতে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন। এ সময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

আলোচনায় বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলীর নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদলে দলটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাবুল মোল্যা ছাড়াও মজিবুর রহমান, রুবেল শিকদার, ফখরুদ্দিন রিয়াদ, রাজিব আহমেদ, মিজানুর রহমান এবং আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

এ ছাড়া এদিন বিকেলে ঐকমত্য কমিশনের সঙ্গে ১২-দলীয় জোটের আলোচনার শুরুতে আলী রীয়াজ বলেছেন, ‘ঐকমত্যের বিষয়ে আমাদের সবাইকে এক জায়গায় আসতে হবে। আমরা সব বিষয়ে একমত হতে পারব না, কিন্তু রাষ্ট্র গঠনের মৌলিক জায়গায় আমাদের একমত হয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’ এ সময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

আলোচনায় ১২-দলীয় জোটের প্রধান মোস্তাফা জামাল হায়দারের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন সেলিম, অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, রাশেদ প্রধান, লায়ন ফারুক রহমান, শামসুদ্দিন পারভেজ, মাওলানা আব্দুল রাকিব, আবুল কাশেম, ফিরোজ মোহাম্মদ লিটন এবং এমএ মান্নান।