ঢাকা ও আশপাশের আকাশে আজ সোমবার সকালের শুরুতেই ছিল মেঘের আনাগোনা। তবে আবহাওয়া বিভাগ জানিয়েছে, দিনভর আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আকাশ কিছুটা মেঘলা থাকলেও বৃষ্টি কিংবা ঝড়ো আবহাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। দক্ষিণ কিংবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা খানিকটা বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
সোমবার সকাল ৬টায় রাজধানীসহ আশপাশের অঞ্চলের তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় কিছুটা কম। রবিবার একই সময়ে তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ঠিক ২৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিন বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ, যেখানে গতকাল তা ছিল ৭৭ শতাংশ। এ ছাড়া রবিবার দিনভর সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। একই দিনে রাজধানীতে ১ মিলিমিটার বৃষ্টিপাতও রেকর্ড করা হয়েছিল।