ব্রেন্টফোর্ডের কাছে হারা ম্যানইউর দৃষ্টি ইউরোপায়

ম্যানচেস্টার ইউনাইটেডের প্রিমিয়ার লিগে পরাজয়ের সংখ্যা দাঁড়াল ১৬। ব্রেন্টফোর্ডের মাঠে ৪-৩ গোলে হেরে রবিবার হেরে গেছে তারা। তবে ম্যাচটি হেরে গেলেও হতাশ নন দলটির কোচ রুবেন আমোরিম। কারণ তার চোখ এখন পুরোপুরি ইউরোপা লিগ ফাইনালে।

আগামী বৃহস্পতিবার অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে ৩-০ গোলের লিড ধরে রাখতে পারলেই পৌঁছে যাবে ফাইনালে। তাই দলের মূল খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে মাঠে নামিয়েছিলেন প্রিমিয়ার লিগ ইতিহাসের তৃতীয় সর্বকনিষ্ঠ একাদশ।

ম্যাচের মাঝপথে চোটে পড়েন ডিফেন্ডার ম্যাথাইস ডি লিখট। তাকে উঠিয়ে হ্যারি ম্যাগুয়ায়ারকে নামান কোচ। উঠে যান লুক শোও। ম্যাচ শেষে আমোরিম বলেন, ‘দলের তরুণরা আজ অনেক কিছু শিখেছে। এটা তাদের ভবিষ্যতের জন্য বড় এক ধাপ। ম্যাচে হেরে যাওয়াটা মানসিক চাপে ফেলে, কিন্তু যখন শিরোপার জন্য লড়াই করি, তখন সেটি আর চাপ নয়।’

তবে এই রোটেশনের মধ্যে প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছাড়েন ডিফেন্ডার ম্যাথাইস ডি লিখট। চোটের বিষয়ে নিশ্চিত কিছু জানাতে পারেননি কোচ, তবে জানিয়েছেন, ‘আশা করি গুরুতর কিছু নয়। হ্যারি ম্যাগুয়ায়ারকে নামিয়ে ঝুঁকি নিতে হয়েছে। লুক শকেও তুলে নিতে হয় কারণ আমাদের বৃহস্পতিবারের জন্য খেলোয়াড় দরকার।’

অন্যদিকে, ব্রেন্টফোর্ড কোচ থমাস ফ্র্যাঙ্ক এই জয়কে বলছেন ইউরোপের মঞ্চে ফেরার সম্ভাবনার জানালা। নবম স্থানে উঠে আসা দলটি এখন চায় বাকি ম্যাচগুলো জিতে ইউরোপা কনফারেন্স লিগের টিকিট নিশ্চিত করতে।