চোটের কারণে মাঠের বাইরে থাকলেও জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে ফিরলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। প্রেমিকা ও অনাগত সন্তানের মা ব্রুনা বিআনকার্দির সঙ্গে পুনর্মিলনের মুহূর্ত ভাগাভাগি করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
শনিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নেইমার একটি ছবি পোস্ট করেন, যেখানে তাকে দেখা যায় ব্রুনা ও তাদের প্রথম সন্তানের সঙ্গে। ছবির ক্যাপশনে সংক্ষেপে লেখা, ‘তারা এসেছে।’এই কথাতেই ফুটে উঠেছে সেই আবেগঘন পুনর্মিলনের মুহূর্ত।
সম্প্রতি তাদের সম্পর্ক ঘিরে বিতর্কের ঝড় বয়ে যায়। ব্রাজিলীয় গণমাধ্যমে দাবি ওঠে, একটি পার্টিতে নেইমারের উপস্থিতি ছিল যেখানে প্রায় ২০ জন এসকর্ট ছিলেন। বিষয়টি ঘিরে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে নানা আলোচনা-সমালোচনা হয়।
তবে সব বিতর্ক ছাপিয়ে সম্পর্ক মেরামতের পথেই হাঁটছেন নেইমার ও ব্রুনা। আসন্ন সন্তানের আগমনের অপেক্ষায় দুজনেই যেন নতুন করে সাজাচ্ছেন পারিবারিক জীবন। নিয়মিতই দুজন একসঙ্গে ছবি দিচ্ছেন, দেখাচ্ছেন একে অপরের প্রতি ভালোবাসা ও বিশ্বাসের ছাপ।
চলতি বছরের শুরুতে সান্তোসে ফেরেন নেইমার, উদ্দেশ্য ছিল নিজের ফর্ম ও ফিটনেস ফিরিয়ে আনা। কিন্তু হ্যামস্ট্রিং চোট আবারও থামিয়ে দিয়েছে সেই স্বপ্নের গতি। তবে হাল ছাড়েননি নেইমার। ইনজুরি পুনর্বাসনের ছবি পোস্ট করে বুঝিয়ে দিয়েছেন তিনি ফিরতে প্রস্তুত।
সান্তোসের হয়ে মাঠে কবে ফিরবেন তা এখনো নিশ্চিত নয়। তবে ব্রাজিল জাতীয় দলের জন্যও নেইমার এখনও এক অমূল্য সম্পদ বিশ্বকাপের আগে তার পূর্ণ ফিটনেস প্রত্যাশা করছে গোটা দেশ।