আগামী গ্রীষ্মের দলবদল মৌসুমে আর্সেনাল বড়সড় কিছু করতে যাচ্ছে, এমনটাই ইঙ্গিত দিচ্ছে ইউরোপীয় সংবাদমাধ্যম। তাদের পছন্দের তালিকায় শীর্ষে উঠে এসেছেন জুভেন্তাসের তরুণ তুর্কি উইঙ্গার কেনান ইলদিজ, যাকে ইতোমধ্যেই ‘এলিট’ হিসেবে অভিহিত করা হচ্ছে এবং যার পারফরম্যান্সে অনেকে দেখছেন এক ঝলক ক্রিশ্চিয়ানো রোনালদোর ছায়া।
১৯ বছর বয়সী ইলদিজ ইতালির সিরি আ-তে জুভেন্তাসের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৩৩টি ম্যাচে মাঠে নেমে করেছেন ৬টি গোল এবং প্রতি ম্যাচে গড়ে ১.৭টি করে ড্রিবল ও শট নিয়েছেন, যার মাধ্যমে তিনি স্কোয়াডে শীর্ষ অবস্থানে আছেন বেশ কয়েকটি বিভাগে।
কেনান ইলদিজের সিরি আতে জুভেন্তাসের হয়ে ৩৩ ম্যাচ খেলেছেন। যেখানে গোল করেছেন ৬টি। কি পাস প্রতি ম্যাচ: ১.৫, শট প্রতি ম্যাচ ১.৭, ড্রিবল প্রতি ম্যাচ ১.৭, ম্যাচ রেটিং ৬.৯২।
জানা গেছে, আর্সেনালের রিক্রুটমেন্ট টিম ইলদিজকে দলে টানতে আগ্রহী। কোচ মিকেল আর্তেতা মনে করেন, ড্রিবলিং এবং গোল করার ক্ষমতাসম্পন্ন এক উইঙ্গার যোগ হলে দল আরও শক্তিশালী হবে। বিশেষ করে যখন তাদের লক্ষ্য পরের মৌসুমে চারটি প্রতিযোগিতায় লড়াই করা।
জুভেন্তাস ইলদিজকে ভবিষ্যতের তারকা হিসেবে বিবেচনা করছে ঠিকই, তবে আর্সেনাল যদি ৯০ মিলিয়ন ইউরো (প্রায় ৭৭ মিলিয়ন পাউন্ড) পর্যন্ত প্রস্তাব দেয়, তবে তারা আলোচনায় বসতে পারে।
এদিকে আর্সেনাল মনে করছে তাদের প্রকল্প, খেলার সময়ের নিশ্চয়তা এবং প্রিমিয়ার লিগের আকর্ষণ তাদেরকে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে। যদিও স্কোয়াডে বুকায়ো সাকা ও গ্যাব্রিয়েল মার্টিনেলির মতো খেলোয়াড় থাকায় প্রথম একাদশে জায়গা পাওয়া সহজ হবে না, তবে ইলদিজের বহুমুখী খেলোয়াড়ি সামর্থ্য তাঁকে বিশেষ এক অস্ত্রে পরিণত করতে পারে।