‘বাংলাদেশের নির্বাচন নিয়ে ইইউ কোনো সময়সীমা চাপিয়ে দিতে চায় না’

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কোনো সময়সীমা চাপিয়ে দিতে চায় না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, ‘ইইউ বরং অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের একটি নির্বাচনী পরিবেশ গঠনে সহায়তা করতে আগ্রহী।’

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রদূত মিলার বলেন, ‘নির্বাচন কবে হবে, সেটা একান্তভাবে বাংলাদেশের জনগণ ও সংবিধানের বিষয়। এ নিয়ে আমরা কোনো পক্ষকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভোট আয়োজনের চাপ দিচ্ছি না।’

এ সময় সম্প্রতি আলোচিত জুলাই আন্দোলনের সহিংস ঘটনার প্রতিও দৃষ্টি আকর্ষণ করেন মাইকেল মিলার। তিনি বলেন, ‘জুলাই গণহত্যার ঘটনায় অভিযুক্তদের বিচার অবশ্যই হতে হবে। তবে সে বিচার হতে হবে আন্তর্জাতিক মান বজায় রেখে এবং পুরোপুরি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে।’

ইইউ রাষ্ট্রদূত আরও বলেন, ‘আমরা অন্তর্বর্তী সরকারের কাঠামোগত সংস্কারের পক্ষে। তবে বিচার ও আইনশৃঙ্খলা সংক্রান্ত যে কোনো উদ্যোগে ন্যায্যতা এবং স্বচ্ছতা অক্ষুণ্ণ রাখা অপরিহার্য।’

বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি কিছুটা উদ্বেগ প্রকাশ করলেও আশাবাদী কণ্ঠে বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবুও আমরা ইতিবাচকভাবে দেখছি যে, এই পরিস্থিতির উন্নতি হচ্ছে।’