নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পিস্তল-ম্যাগাজিন ও তাজা গুলিসহ ২ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড তাজা গুলি। পুলিশকে লক্ষ করে গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় রবিবার (৫ মে) দিবাগত রাত সাড়ে ৩টায় গোদনাইল ধনকুণ্ডা খালপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার (৫ মে) দুপুরে তথ্যটি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম। গ্রেপ্তাররা হলেন নারায়ণগঞ্জ সদর থানার খানপুর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে আমির হোসেন ওরফে সনেট (৪০) ও একই এলাকার গোপাল রায়ের ছেলে সজীব রায় (২৩)।
পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানার সহকারী পরিদর্শক ইলিয়াস সঙ্গী ফোর্স নিয়ে রাতে চেকপোস্টে ডিউটি করছিলেন। এ সময় অটোরিকশাযোগে আসা দুই যাত্রীকে সন্দেহ হলে তাদের তল্লাশির জন্য থামতে বলা হয়। তখন যাত্রী দুজন রিকশা থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ তাদের পিছু নিলে তারা পুলিশকে লক্ষ করে গুলি চালানোর চেষ্টা করেন। তখন অতিরিক্ত পুলিশের সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়।
স্থানীয়রা জানায়, গ্রেপ্তার দুজন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের ক্যাডার হিসেবে পরিচিত। তারা আজমেরী ওসমানের ছত্রছায়ায় খানপুর এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াতেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, অস্ত্রধারীরা খানপুর এলাকায় চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় জুলাই-আগস্টের ঘটনায় করা মামলা রয়েছে। তাদের গ্রেপ্তার করার সময় পুলিশকে লক্ষ করে গুলি করার চেষ্টা করেছিল তারা। তাদের কাছ থেকে উদ্ধার করা পিস্তলটি দেশি না বিদেশি তা এখনও নিশ্চিত নই। তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।