টাঙ্গাইলের মির্জাপুরে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। এবার মণপ্রতি ১৪৪০ টাকা দরে খাদ্যগুদামে ধান দিতে পারবেন কৃষকরা। সোমবার (৫ মে) সকালে ধান সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম।
উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, এই মৌসুমে ১ হাজার ৫২২ মেট্রিক টন ধান সংগহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অনলাইনে আবেদন ও উপজেলা কৃষি বিভাগের মাধ্যমে ধান প্রদানকারী কৃষক নির্ধারণ করা হচ্ছে। ৩১ মে পর্যন্ত কৃষক ধান দিতে পারবেন বলে জানান তিনি।
উপজেলার লতিফপুর ইউনিয়নের বরদাম গ্রামের কৃষক কালিপদ সরকার বলেন, আমি গত বছরও খাদ্যগুদামে ধান বিক্রি করেছি। দাম সন্তোষজনক হওয়ায় এবারও আমি ৭৫ মণ ধান দিয়েছি।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রেবেকা সুলতানা রুবি, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির, উপ-পরিদর্শক মাসুদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।