মে দিবসের ছুটিতে নৌকা ডুবে নিহত ১০, আহত ৭০

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আকস্মিক প্রবল বাতাসে চারটি নৌকা ডুবে ১০ জন পর্যটক প্রাণ হারিয়েছেন। সোমবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম শিনহুয়া এ তথ্য জানিয়েছে।

এর আগে রবিবার ওই চার নৌকা উল্টে গেলে মোট ৮৪ জন আরোহী পানিতে পড়ে যায়। সোমবার দুপুরে সর্বশেষ নিখোঁজ ব্যক্তির মরদেহ খুঁজে পান উদ্ধারকারী দলের সদস্যরা। এতে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়ায়।

শিনহুয়া জানিয়েছে, গুইঝোউ প্রদেশের কিয়ানশি শহরের একটি নদীতে এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ উদ্ধারকৃতদের মধ্যে চিকিৎসার জন্য ৭০ জনকে হাসপাতালে পাঠিয়েছে। তবে তারা সবাই শঙ্কামুক্ত।

স্থানীয় সংবাদমাধ্যম যাত্রীদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, দুর্ঘটনার সময় হঠাৎ বৃষ্টিপাত এবং ভারী বাতাস প্রবাহিত হচ্ছিল। সোমবার শেষ হওয়া পাঁচ দিনের মে দিবসের ছুটির মধ্যে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নৌকার যাত্রীদের জীবিত উদ্ধারের সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দেন। এরপর প্রায় ৫০০ উদ্ধারকর্মী গুইঝোউ প্রদেশে এসে কাজ করেন।