হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার উত্তরসাঙ্গর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে টেটাবিদ্ধ অবস্থায় তিনজনকে সংকটাপন্ন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। 

পুলিশ জানায়- গ্রামের আলাউদ্দিন মিয়া ও নুরুল হুদার অনুসারীদের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। কয়েকদিন আগে গরুর খড় খাওয়া কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বিরোধ হয়। এ সময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় মুরুব্বিরা বিষয়টি সালিশের মাধ্যমে মীমাংসার উদ্যোগ নেয়। কিন্তু বৈশাখ মাস হওয়ায় সকলে কাজে ব্যস্ত থাকায় সালিশ বৈঠক হতে বিলম্ব হয়। এরই মধ্যে সোমবার দুপুরে পূর্ব বিরোধের জের ধরে দেশীয় অস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহত কাওছার মিয়া (২৫), শফিকুল ইসলাম (৩৫), আলী সমেদ (৪০), কুদরত মিয়া (৪৫), তকদির মিয়া (২৫), আরজু মিয়া (৫০), জসিম মিয়া (৩০), আলামিন মিয়া (১৬), বাহুল মিয়া (২২), নয়ন মিয়া (১২), মন্নাফ মিয়া (৩৮), কুদ্দুছ মিয়া (২৪), জমসের মিয়া (৩১), মিজান মিয়া (৩১), বাবুল মিয়া (২৮), আফজাল মিয়া (২৬), মাহফজুল মিয়া (২৮), আবু লায়েককে (২০) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বানিয়াচং থানার (ওসি) গোলাম মোস্তফা জানান- উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ ছিল। সম্প্রতি গরুর খড় খাওয়া নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।