দুই প্রবাসী ফুটবলার নিয়ে শিরোপায় চোখ যুব দলের

জাতীয় দলে হামজা চৌধুরীর অভিষেকের পর প্রবাসী তরুণদের মধ্যে বাংলাদেশে খেলার আগ্রহ বাড়ছে। সেই ধারায় সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন ইতালিপ্রবাসী আবদুল কাদির ও আমেরিকাপ্রবাসী ফারজাদ সৈয়দ আফতাব। 

এই দুই তরুণকে সঙ্গে নিয়ে ভারত যাচ্ছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল। সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দলটি বুধবার রওনা দিচ্ছে ভারতের অরুনাচল প্রদেশের ইউপিয়া শহরের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামের উদ্দেশে। প্রতিযোগিতা মাঠে গড়াবে ৯ মে। 

অভিজ্ঞ কোচ গোলাম রব্বানী ছোটনের দল প্রস্তুতি নিয়েছে ঢাকায়, যশোরে ও বিকেএসপিতে। 

আবদুল কাদির ও ফারজাদ সৈয়দ আফতাব

প্রাথমিক ক্যাম্পে তিনজন প্রবাসী ফুটবলার যোগ দিলেও চূড়ান্ত দলে টিকে গেছেন কাদির ও ফারজাদ। ইতালির ক্লাব ফেরমানা এফসিতে খেলা কাদির মূলত লেফট উইংয়ে খেলেন, তবে মিডফিল্ডেও দক্ষ। অন্যদিকে, নিউইয়র্ক টাউন এফসির হয়ে খেলা ফারজাদ খেলেন রক্ষণভাগে। বাদ পড়েছেন ইংল্যান্ডের চার্লটন অ্যাথলেটিক একাডেমির এলমান মতিন। কোচ ছোটনের ভাষায়, "পারফরম্যান্সই ছিল মূল মানদণ্ড।"

প্রবাসীদের বাংলাদেশে এসে খেলার আগ্রহের বিষয়টি নিয়ে ছোটন বলেন, “শুধু আগ্রহ থাকলেই হবে না, মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত হয়ে আসতে হবে। দেশের খেলোয়াড়দের সঙ্গে প্রতিযোগিতা করে জায়গা করে নিতে হবে।”

গোলাম রব্বানী ছোটনের নারী বয়স ভিত্তিক পর্যায়ে অনেক সাফল্য রয়েছে। এবারই প্রথম ছেলে দল নিয়ে সাফে যাচ্ছেন। গত বছর বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল। এ নিয়ে ছোটন বলেন, 'অবশ্যই আমাদের প্রত্যাশা চ্যাম্পিয়ন হওয়ার। আমি সব সময় শৃঙ্খলার দিকে নজর দেই। এই ছেলেরা অত্যন্ত সুশৃঙ্খল ছিল। আমার কাজ করতে কোনো সমস্যা হয়নি।'