ঢাকার পথে খালেদা জিয়া

লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আজ সোমবার (৫ মে) বাংলাদেশ সময় রাত সোয়া ৯টার দিকে হিথ্রো বিমানবন্দর থেকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা দেয়। কাতারের দোহায় যাত্রাবিরতি শেষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে খালেদা জিয়ার।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। সোমবার (৫ মে) স্থানীয় সময় ২টা ১০ মিনিটে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি ড্রাইভ করে মাকে বিমানবন্দরে নিয়ে যান। পরে তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানসহ পরিবারের সদস্য এবং দলের নেতাকর্মীরা খালেদা জিয়াকে বিদায় জানান।

এদিকে বিএনপি সূত্রে জানা গেছে, রাজধানীর গুলশান-২ এ অবস্থিত খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’ সম্পূর্ণ প্রস্তুত করে রাখা হয়েছে। নেতাকর্মীদের হাজারো ভিড়ের মধ্য দিয়ে তাঁকে বিমানবন্দর থেকে বাসায় পৌঁছানোর সময় অভ্যর্থনা জানানো হবে। খালেদা জিয়ার সঙ্গে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মীলা রহমান ফিরোজায় অবস্থান করবেন। তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ধানমণ্ডিতে তার পৈত্রিক বাড়ি মাহবুব ভবনে উঠবেন। সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

খালেদা জিয়ার দেশে ফেরার খবরে দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। অভ্যর্থনা জানাতে দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। এ নিয়ে গত কয়েক দিনে দফায় দফায় প্রস্তুতি সভাও করা হয়েছে। দলের ঢাকা মহানগর ও অঙ্গসহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে যৌথসভা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দলীয় নেতাকর্মীদের কাছে আহ্বান থাকবে, কোনো যানজট সৃষ্টি না করে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে তারা যেন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান। এক হাতে জাতীয় পতাকা আরেক হাতে দলীয় পতাকা নিয়ে আমরা মহান নেত্রীকে অভ্যর্থনা জানাব। এটাই আমাদের সিদ্ধান্ত।

এর আগে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া বাংলাদেশ থেকে গত ৭ জানুয়ারি রওনা দিয়ে ৮ জানুয়ারি লন্ডন পৌঁছান। লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি খালেদা জিয়া তার ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন। লন্ডনের ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন।