বার্সার বিপক্ষে '২০০ শতাংশ' দিয়ে লড়ার প্রত্যয় ইন্তারের

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে উঠতে চেষ্টার কোনো কমতি রাখতে চায় না ইন্তার মিলান। মঙ্গলবার ঘরের মাঠে বার্সেলোনার মুখোমুখি হবে ইন্তার মিলান। ফিরতি লেগে সামর্থ্যের চেয়েও বেশি দিয়ে লড়াইয়ের প্রত্যয় ইতালিয়ান দলটির ডিফেন্ডার আলেস্সান্দ্রো বাস্তোনির।

প্রথম লেগে বার্সেলোনার মাঠে দুই দফায় এগিয়ে গিয়েও জিততে পারেনি ইন্তার। রোমাঞ্চকর ম্যাচটি ড্র হয় ৩-৩ গোলে।

আজ সোমবার সংবাদ সম্মেলনে বাস্তোনি বলেন, 'আমরা ২০০ শতাংশ চেষ্টা করব। প্রতিটা খেলোয়াড়ই চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালে খেলতে চায়। প্রথম লেগ থেকে আমরা শিখেছি। শেখার জন্য আমাদের ভুলগুলো নিয়ে ভাবতে হবে।'

সান সিরোয় দর্শকরা বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন বাস্তোনি। 'সমর্থকদের প্রতি অনুরোধ? বার্সেলোনা যেভাবে খেলে, সেই বিবেচনায় অনেক কঠিন মুহূর্ত আসবে। সেই মুহূর্তগুলোতে আমাদের সকল সমর্থকের সমর্থনের প্রয়োজন হবে।'

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১ টায়।