ফর্মে ফিরতেই নতুন বিতর্কে রোহিত শর্মা

চলতি আইপিএলের শুরুটা মন্দ হলেও ইদানিং ভালো করতে শুরু করেছেন রোহিত শর্মা। ‘হিটম্যান’ খ্যাত এই ব্যাটার ১০ ম্যাচে তিন ফিফটি আর ৩২.৫৫ গড়ে করেছেন ২৯৩ রান। এবার জানা গেল, রোহিত নাকি ইনজুরি নিয়েই আইপিএল খেলছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়াবর্ধনে এই তথ্য দিয়েছেন। এ কারণেই নাকি রোহিতকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হয়েছে।

গত ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফি খেলতে গিয়ে রোহিত ইনজুরিতে আক্রান্ত হন। ভারত চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতলেও রোহিতকে সেই ইনজুরি এখনো ভোগাচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ড কোনো ক্রিকেটারকেই চোট নিয়ে খেলানোর পক্ষে নয়। জসপ্রিত বুমরাকে তাই আইপিএলের শুরু থেকে খেলানো হয়নি। ইনজুরি থাকা সত্ত্বেও রোহিতকে মাঠে নামানোয় সমালোচনা হচ্ছে। তৈরি হয়েছে বিতর্ক।

মুম্বাইয়ের কোচ মাহেলা জয়াবর্ধনে বলেছেন, ‘টুর্নামেন্টের শুরু থেকে রোহিতকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানোর কথা ভাবা হয়নি। কিছু ম্যাচে সে ফিল্ডিংও করেছিল। কিন্তু দলে সবাই দুটি ভূমিকা পালন করছে। কিছু কিছু মাঠে আমাদের এমন একজনকে দরকার ছিল, যে বাউন্ডারি লাইনে দৌড়তে পারবে। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফি থেকেই রোহিতের হালকা চোট আছে। তাই তার বেশি দৌড়ানো উচিত নয়। আমাদের কাছে রোহিতের ব্যাটিংটাই গুরুত্বপূর্ণ।’

১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে বর্তমানে তিন নম্বরে আছে মুম্বাই। আজ মঙ্গলবার তাদের প্রতিপক্ষ গুজরাট টাইটান্স। এই ম্যাচেও রোহিতকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হতে পারে। জয়াবর্ধনে আরও বলেন, ‘রোহিত মাঠে থাকুক বা না থাকুক, সে সবসময় দলকে সাহায্য করে। ডাগ-আউট বসে; ম্যাচ নিয়ে ভাবে। দলের বাকিদের পরামর্শ দেয়। তাছাড়া আমাদের সব বোলিং বিকল্পকেও মাঠে রাখার প্রয়োজন হওয়ায় রোহিতকে পুরো ম্যাচ খেলানো যাচ্ছে না।’