জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের বিচারের অংশ হিসেবে টেকনাফে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি তদন্ত দল কাজ শুরু করেছে। সোম ও মঙ্গলবার দুই দিন ধরে তদন্ত দলটি টেকনাফের আলোচিত র্যাবের ‘বন্দুকযুদ্ধে’ নিহত কাউন্সিলর একরামুল হকসহ বেশ কয়েকটি ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলেছে জানিয়েছে সংশ্লিষ্ট।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, দুই দিন ধরে তিনিসহ ছয় জনের তদন্ত দল টেকনাফে কাজ করেছেন। মঙ্গলবার টেকনাফ ত্যাগ করবেন তারা।
তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী হত্যাকাণ্ডের বিচারের অংশ হিসেবে টেকনাফের কাউন্সিলর একরামুল হকের পরিবারসহ আরো কয়েকটি ভুক্তভোগী পরিবারের জবানবন্দি নেওয়া হচ্ছে। টেকনাফে এতগুলো মানুষকে মাদকের বিরুদ্ধে যুদ্ধের নামে হত্যা করা হয়েছে, এটা আসলে খুব দুঃখজনক। সরকারের মদদ ছাড়া একটি এলাকায় এত মানুষ মারা সম্ভব নয়। আমাদের মূল টার্গেট সরকার প্রধানসহ শীর্ষ পর্যায়ে যারা এসব ঘটনায় মদদ দিয়েছে তাদের বিচার করা।’
টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, তদন্ত দলটি তাদের নিজস্ব নিয়মে কাজ করছেন। থানায়ও এসেছিলেন। নানা বিষয়ে তথ্য নিয়েছেন।