সাংবাদিক শ্যামল দত্তের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল 

গণঅভ্যুত্থানের সময় রাজধানীর ভাষানটেক এলাকায় একটি হত্যা মামলায় কারাগারে থাকা দৈনিক ভোরের কাগজ সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্তকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। তার জামিনের আবেদনের ওপর শুনানি নিয়ে মঙ্গলবার (৬ মে) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল দেয়। 

আদালতে জামিনের আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী নাজমুস সাকিব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. হেমায়েত উল্লাহ। রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উল্লাহ দেশ রূপান্তরকে বলেন, ‘জামিনের আবেদনের ওপর শুনানি নিয়ে আদালত চার সপ্তাহের রুল দিয়েছেন। রাষ্ট্রপক্ষ রুলের জবাব দেবে।’ 

গত বছরের ৫ আগষ্ট এ হত্যার মামলায় গত ১১ সেপ্টেম্বর রাজধানীর ভাষানটেক থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৪ জনকে আসামি করে মামলাটি দায়ের হয়। এ মামলার এজাহারে ২৮ নম্বর আসামি শ্যামল দত্ত। গত বছরের ১৬ সেপ্টেম্বর শ্যামল দত্তকে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে এ মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।