এএইউবি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এর ক্ষেত্রে দেশের একমাত্র বিশেষায়িত সরকারি বিশ্ববিদ্যালয়। অত্র বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো নিজস্ব উদ্ভাবিত দুটি UAV নিয়ে আমেরিকান ইনস্টিটিউট অফ অ্যারোনটিক্স এন্ড অ্যাস্ট্রোনটিক্স (AIAA) কর্তৃক গত ১০ থেকে ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের অ্যারিজনায় আয়োজিত ডিজাইন/বিল্ড/ফ্লাই (DBF) প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ডিজাইন রিপোর্টে ১৮তম এবং সার্বিকভাবে ৩৬তম স্থান অর্জন করে যা এই বিশ্ববিদ্যালয়ের তথা বাংলাদেশের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে সুনাম বয়ে এনেছে। এ প্রেক্ষিতে মঙ্গলবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসে একটি সংবর্ধনা অনুষ্ঠান ও প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার।
সম্মানিত ভাইস চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয়ের এই স্বল্প সময়ের পথচলায় শিক্ষার্থীরা বিস্ময়কর সৃজনশীলতা ও উদ্ভাবনী প্রতিভার স্বাক্ষর রেখেছে। DBF প্রতিযোগীতায় শিক্ষার্থীরা তাদের অদম্য ইচ্ছাশক্তি, অধ্যবসায় এবং প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা ব্যবহার করেছে এবং প্রমাণ করেছে তারা শুধু স্বপ্ন দেখে না, বরং সে স্বপ্ন বাস্তবায়নও করতে পারে। তাদের প্রতিটি কীর্তি একেকটি অদম্য ইচ্ছাশক্তি আর প্রেরণার দীপ্তিমান গল্প, যা আগামীর সম্ভাবনাকে আলোকিত করছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা, রাষ্ট্রীয় সহায়তা এবং অবকাঠামোগত সুবিধা প্রদান করা হলে বাংলাদেশের গন্তব্য মহাকাশ ছাড়িয়ে যাবে। DBF প্রতিযোগিতার সাফল্য ছাড়াও AAUB এর আরও সাফল্য রয়েছে যেমন, সফলভাবে কিউব স্যাটেলাইট বেলুন উৎক্ষেপন, কিবো রোবট প্রোগ্রামিং-এ ২য় রানার আপ স্থান অর্জন এবং CanSat Competition-এ অংশগ্রহণের যোগ্যতা অর্জন। অতঃপর তিনি অত্র বিশ্ববিদ্যালয়কে সহায়তার জন্য বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ বিমান বাহিনীসহ সকল অংশীদারগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য যে, উদ্ভাবিত ২টি UAV এমনভাবে ডিজাইন করা হয়েছে যা অভ্যন্তরীণ ও বাহ্যিক পে-লোড বহন করতে পারে এবং একইসাথে একটি ইঞ্জিনবিহীন গ্লাইডারকে আকাশ থেকে উৎক্ষেপণ করতে পারে যা নির্ধারিত জিপিএস কো-অর্ডিনেট-এ নির্ভুলভাবে অবতরণ করতে সক্ষম। চুড়ান্ত পর্বে অংশগ্রহনের পূর্বে নতুন ডিজাইনকৃত UAV ২১টি প্রশিক্ষণ মিশন সম্পন্ন করে এবং গত ২৫ ফেব্রুয়ারি UAV টির উদ্ভাবনী ডেমোনেস্ট্রেশন ফ্লাইট পরিচালনা করা হয় যেখানে প্রধান অতিথি হিসেবে সম্মানিত বিমান বাহিনী প্রধান উপস্থিত ছিলেন । ভবিষ্যতে এই ড্রোনটি স্বয়ংক্রিয় নজরদারি, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি ও অন্যান্য খাতে ব্যবহৃত হতে পারে। এ প্রসঙ্গে টিমের দলনেতা গ্রুপ ক্যাপ্টেন ড. সাইফুর রহমান বকাউল বলেন, ভবিষ্যতে এই শিক্ষার্থীদেরকে আরও সুযোগ সুবিধা প্রদান করা হলে এ ধরনের প্রতিযোগিতায় তারা বিশ্বের প্রথম সারিতে জায়গা করে নিতে পারবে।
এখানে আরও উল্লেখ্য যে, উক্ত অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় ছাড়াও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।