পুকুরে গোসল করতে নেমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) মেটারিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শান্তনু কর্মকার (২১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কুয়েট ক্যাম্পাসের পুকুরে এ ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) আবুল বাসার মোহাম্মাদ আতিকুর রহমান। নিহত শান্তনু কর্মকার পাবনা জেলার বেড়া উপজেলা সদরের কর্মকারপাড়ার সুকুমার চন্দ্র কর্মকারের ছেলে। তবে বর্তমানে তারা ঢাকার জজকোর্ট এলাকার বাসিন্দা।
কুয়েট সূত্র জানায়, দুপুর সোয়া ৩টার দিকে কুয়েটের ২৩ ব্যাচের মেটারিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শান্তনু কর্মকার খানজাহান আলী হলসংলগ্ন পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামার পর নিখোঁজ হয়। কুয়েটের শিক্ষার্থী ও কর্মচারীরা তৎক্ষণাৎ তাকে উদ্ধারের প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে পুকুর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। দ্রুত শান্তনু কর্মকারকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।