ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সামরিক সংঘাত ক্রমেই ঘনীভূত হচ্ছে। এমন এক সময় রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র নেতা হাসনাত আব্দুল্লাহ। দেশের সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়েছেন তারা।
বুধবার (৭ মে) ভোর রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে দুই নেতা জাতীয় ঐক্যের ওপর জোর দেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লেখেন, সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য ও সংহতি।
অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ তার বার্তায় বলেন, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকুন।
ভারত বুধবার ভোরে পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে অন্তত ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলায় দুটি মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানা হয়।
পাকিস্তানের আইএসপিআর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, হামলায় অন্তত আটজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।