পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে এখন পাকিস্তানে অবস্থান করছেন বাংলাদেশের তারকা পেসার নাহিদ রানা এবং লেগ স্পিনার রিশাদ হোসেন। এর মাঝেই কাশ্মীর ইস্যুতে মঙ্গলবার রাত থেকে পাকিস্তানে হামলা শুরু করেছে ভারত। এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এমতাবস্থায় পিএসএলে থাকা দুই ক্রিকেটারকে নিয়ে চিন্তায় আছে বিসিবি।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘বিসিবি গত ২৪ ঘণ্টা ধরে ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পিএসএলে খেলা বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা ও সুস্থতা সবার আগে। রিশাদ হোসেন এবং নাহিদ রানার সঙ্গে বোর্ড নিয়মিত যোগাযোগ রাখছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদও ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পিসএলের সিইও সালমান নাসির আর রিশাদের সঙ্গে তিনি কথাও বলেছেন।’
বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশের সঙ্গে সমন্বয় করে যাচ্ছে বিসিবি। এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশন এবং পিসিবির সহযোগিতা প্রশংসনীয়। বিসিবি পাকিস্তানের পরিস্থিতি মূল্যায়ন অব্যাহত রাখবে।’