পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলছে বাংলাদেশের বিমান

মধ্যরাতে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা ও গুলিবর্ষণ করেছে ভারত। এতে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত ও ৪৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তান।

এর ফলে বাংলাদেশের বিভিন্ন এয়ারলাইন্সের বিমান পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলাচল করছে। বিকল্প রুটে চলাচল করার কারণে বিভিন্ন ফ্লাইটে একটু বেশি সময় লাগছে।

আজ বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের বিমানগুলো। তবে এখনো ভারতের ওপর দিয়ে চলাচল স্বাভাবিক আছে।

গত মাসে ভারত-শাসিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর থেকে ভারত-পাকিস্তানের সম্পর্ক দ্রুত অবনতি হয়। ভারতীয় কর্মকর্তারা বলছেন, ওই সময়ে হামলাকারীদের সঙ্গে পাকিস্তানের সংযোগ পাওয়া গেছে। তবে পাকিস্তান এই অভিযোগ দৃঢ়তার সাথে অস্বীকার করেছে।