ভারতের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিক্রিয়া জানানোর অধিকার পাকিস্তানের আছে বলে জানিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি)। এই কমিটি বলেছে, ভারতের হামলার জবাবে সময় অনুযায়ী যথাযথ স্থানে পছন্দ মতো প্রতিক্রিয়া জানাবে পাকিস্তান। সামরিক বাহিনীকে সংশ্লিষ্ট পদক্ষেপ গ্রহণের জন্য অনুমোদন দিয়েছে পাকিস্তানের নিরাপত্তাবিষয়ক এই সর্বোচ্চ কমিটি।
আজ বুধবার দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকের পর জারি করা এক বিবৃতিতে এই কথা বলা হয়।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুসারে, নিরীহ পাকিস্তানিদের প্রাণহানি এবং তাদের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘনের প্রতিশোধ নেওয়ার জন্য যেকোনও সময়, স্থান ও পদ্ধতিতে আত্মরক্ষায় প্রতিক্রিয়া জানানোর অধিকার পাকিস্তানের রয়েছে। পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ভারতীয় আগ্রাসনে গভীরভাবে শোকাহত এবং ক্ষুব্ধ পাকিস্তানি জাতি সশস্ত্র বাহিনীর সাহসিকতা এবং মাতৃভূমির প্রতিরক্ষায় তাদের সময়োপযোগী পদক্ষেপের জন্য অত্যন্ত প্রশংসা করে। যেকোনো আগ্রাসন মোকাবিলায় পুরো জাতি দৃঢ়প্রতিজ্ঞ। পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ভারতের অবৈধ কর্মকাণ্ডের গুরুত্ব স্বীকার করার এবং আন্তর্জাতিক নিয়ম ও আইনের স্পষ্ট লঙ্ঘনের জন্য তাকে জবাবদিহি করার আহ্বান জানিয়েছে।
এতে আরও বলা হয়, পাকিস্তান শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা কখনও তার সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন বা তার জনগণের কোনও ক্ষতি হতে না দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।