টেস্ট ক্রিকেট অবসরের ঘোষণা রোহিত শর্মার

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন রোহিত শর্মা। আইপিএলের মাঝেই এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ভারত অধিনায়ক। এবার থেকে ভারতের হয়ে শুধু এক দিনের ক্রিকেট খেলবেন রোহিত।

ইনস্টাগ্রামে চার লাইনের একটি বিবৃতি দিয়ে রোহিত লিখেছেন, “সকলকে জানাতে চাই যে, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকে দেশের হয়ে খেলা আমার কাছে গর্বের। এত বছর ধরে এত ভালবাসা ও সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ। এক দিনের ফরম্যাটে ভারতের হয়ে খেলা চালিয়ে যাব।”

অধিনায়কত্ব থেকে রোহিত শর্মাকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত

রোহিত শর্মাকে টেস্ট দলের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের ক্রিকেট নির্বাচকেরা। আগামী মাসে শুরু হতে চলা ইংল্যান্ড সফরের জন্য নতুন অধিনায়ক করা হবে। তবে রোহিত শর্মা এই সফরে একজন ওপেনার হিসেবে দলে থাকবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

রোহিত শর্মার জায়গায় অস্ট্রেলিয়া সফরে জাসপ্রিত বুমরা নেতৃত্ব দিয়েছিলেন ভারতকে। 

ইন্ডিয়ান এক্সপ্রেস বিশ্বস্ত সূত্রের বরাতে জানিএছে, রোহিতকে সরানোর পেছনে বয়সজনিত পরিবর্তনের চেয়ে বড় কারণ ছিল তার সাম্প্রতিক টেস্ট ফর্ম। “নির্বাচকদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার—ইংল্যান্ড সফরের জন্য নতুন নেতা চাই এবং রোহিত তার রেড বল ফর্ম বিবেচনায় অধিনায়ক হিসেবে মানানসই নন। আগামী টেস্ট চক্রের জন্য একজন তরুণ নেতাকে গড়ে তুলতে চায় তারা', জানিয়েছে বোর্ডের এক সূত্র। 

রোহিত শর্মা ৬৭টি টেস্টে ৪০.৫৭ গড়ে রান করেছেন, কিন্তু ভারতের বাইরে এই গড় নেমে এসেছে ৩১.০১-এ। বিশেষ করে অস্ট্রেলিয়ায় (২৪.৩৮ গড়ে) এবং দক্ষিণ আফ্রিকায় (১৬.৬৩ গড়ে) তার ফর্ম হতাশাজনক ছিল। গত অস্ট্রেলিয়া সফরে মাত্র ৬.২০ গড়ে রান করেন এবং শেষ টেস্টে নিজেই বাদ পড়েন। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও তিনি খারাপ ফর্মে ছিলেন, গড় মাত্র ১৫.১৬।

ইংল্যান্ডে তার পরিসংখ্যান তুলনামূলক ভালো—৪৪.৬৬ গড়ে রান করেন সেখানে। একজন ওপেনার হিসেবে সেই গড় প্রায় একই রকম (৪৪.৫৪)। তবুও নির্বাচকরা মনে করেন, অধিনায়ক হিসেবে তার ফর্ম দলের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। একজন সাধারণ ব্যাটসম্যান হিসেবে বাজে পারফরম্যান্সে তাকে বাদ দেওয়া সহজ, কিন্তু অধিনায়ক হলে পরিস্থিতি জটিল হয়ে যায়।

২০২২ সালে বিরাট কোহলির কাছ থেকে নেতৃত্ব নেবার পর ২৪ টেস্টে ভারতের অধিনায়কত্ব করেছেন রোহিত শর্মা। ১২টিতে জিতেছে এই সময় ভারত, ৯টিতে হেরেছে। অধিনায়কত্বের সময় রোহিত ১২৫৪ রান করেছেন।