ইতালি গেলেন বিমান বাহিনী প্রধান 

সরকারি সফরে ইতালি গেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। আজ বুধবার (৭ মে) ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিমান বাহিনী প্রধান ৮-১৪ মে ইতালি সফর করবেন। সফরকালে বিমান বাহিনী প্রধান ইতালি বিমান বাহিনী প্রধানের আমন্ত্রণে ৮-৯ মে ‘অ্যারোস্পেস পাওয়ার কনফারেন্সে’ অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধানরা, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশগ্রহণ করবেন। এ ছাড়া বিমান বাহিনী প্রধান ইতালির সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘লিওনার্দো এস.পি.এ.’ এর আমন্ত্রণে লিওনার্দো ফ্যাসিলিটিজ পরিদর্শন করবেন।

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।