দেশের সরকারি-বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে টানা সাত দিন ধরে নার্সিং কলেজগুলোতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীরা ক্লাস করছেন না। ক্লাস, ক্লিনিক্যাল প্র্যাকটিস, হাসপাতাল, ল্যাব সবকিছু বর্জন করছেন। পাশাপাশি বরিশাল নার্সিং কলেজের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে গতকাল বুধবার রাজধানীর ঢাকা নার্সিং কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ঢাকার শিক্ষার্থীরা। ঢাকা নার্সিং কলেজের শিক্ষার্থী মো. আবুল হোসেন ইমন জানান, বর্তমানে দেশের ৩২টি সরকারি ও ১৫৪টি বেসরকারি নার্সিং কলেজের চার বছরমেয়াদি স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থীরা একযোগে এ কর্মসূচি পালন করছেন।
নার্সিং শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নীতিমালা অনুসরণ করে নার্সিং কলেজে শিক্ষক নিয়োগ, স্নাতক ডিগ্রিধারী নার্সদের নবম গ্রেডে সরাসরি নিয়োগ, সংযুক্ত ডিপ্লোমাধারী নার্সদের নিজ নিজ কর্মস্থলে প্রত্যাবর্তন, ইন্টার্ন নার্সদের ভাতা ২০ হাজার টাকায় উন্নীতকরণ, ডিপ্লোমা ডিগ্রির পরিবর্তে তিন বছরমেয়াদি স্নাতক ডিগ্রির প্রবর্তন এবং বেসরকারি নার্সিং কলেজগুলোর জন্য টিউশন ফি ও শিক্ষকদের ন্যূনতম বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি।