অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

বাংলাদেশের অনিবন্ধিত ও নিবন্ধনের মেয়াদ উত্তীর্ণ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

গতকাল বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পর্যটন-৩ শাখার জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মির্জা মুরাদ হাসান বেগ। বিজ্ঞপ্তির কপি দেশের সব জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২১ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী নিবন্ধন সনদ গ্রহণ ছাড়া এবং মেয়াদোত্তীর্ণ নিবন্ধন সনদ নবায়ন ছাড়া ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনা করা যাবে না। এমতাবস্থায় অনিবন্ধিত ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনাকারী সব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেমে www.regtravelagency.gov.bd) জরুরিভিত্তিতে নিবন্ধন আবেদন দাখিল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।