মজুরিভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদের ৬ দাবি

শ্রমিক নীতিমালা-২০২৫ বাতিল, ন্যূনতম মজুরি ৩০ হাজার নির্ধারণ এবং বাৎসরিক ৫ শতাংশ হারে বেতন বৃদ্ধিকরণসহ ছয় দফা দাবি জানিয়েছে দেশের বিভিন্ন সরকারি দপ্তর অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্য পদের বিপরীতে দৈনিক মজুরিভিত্তিতে নিয়োজিত কর্মচারীদের সংগঠন ‘বাংলাদেশ দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদ’। গতকাল বুধবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়।

তাদের দাবিগুলো হলো দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা-২০২৫ বাতিল করে সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়িত্তশাসিত প্রতিষ্ঠানে দৈনিক মজুরিভিত্তিতে কর্মরতদের বয়স শিথিল করে স্ব-স্ব প্রতিষ্ঠানে স্থায়ীকরণ/আত্তীকরণ; আউটসোর্সিং নীতিমালা ২০২৫ ঠিকাদার প্রথা বাতিল; মাসিক বেতন প্রদান ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ন্যূনতম মজুরি ৩০ হাজার নির্ধারণ এবং বাৎসরিক ৫ শতাংশ হারে বেতন বৃদ্ধিকরণ; উৎসব ভাতা, বৈশাখী ভাতা, অধিকার ভাতা, চিকিৎসা ভাতা ও ঝুঁকি ভাতা প্রদান; ছয় মাস

মাতৃকালীন ছুটি ও বাৎসরিক ২০ দিন নৈমিত্তিক ছুটি প্রদান; চাকরিচ্যুতদের চাকরি পুনর্বহাল ও বকেয়া বেতন প্রদান।