মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ইনোভেশন যত বেশি পরস্পর আদান-প্রদান করা যাবে ইনোভেশন তত বেশি সফল হবে। তিনি আরও বলেন, ইনোভেশনের সুফল পেতে হলে ইনোভেশন গ্রামগঞ্জের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
উপদেষ্টা গতকাল বুধবার সকালে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্র্তৃক আয়োজিত ইনোভেশন শোকেসিং-২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মৎস্য ও প্রাণিসম্পদের প্রতি সচেতন করা গেলে দেশ সামনের দিকে আরও এগিয়ে যাবে। তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য ইনোভেটিভ আইডিয়া মাঠপর্যায় থেকে সংগ্রহ করতে হবে। তিনি সব দপ্তর সংস্থাকে আগামীতে আরও বেশিসংখ্যক ইনোভেটিভ আইডিয়া প্রদান করার জন্য আহ্বান জানান।
উপদেষ্টা আরও বলেন, পান্তা ভাতকে পচন থেকে সহজে রোধ করার জন্য পানি দিয়ে ভাত সংরক্ষণ করার আইডিয়া প্রথম নারীদের মাথা থেকেই আসে। এ ছাড়া লেবু পাতার মাধ্যমে পচা মাছকে যে খাওয়ার উপযোগী করা যায়, সেই আইডিয়াও প্রথম নারীদের মাথা থেকেই আসে। তাই ইনোভেশন কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য আহ্বান জানান তিনি।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্র্তৃক আয়োজিত ষষ্ঠ ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. তোফাজ্জেল হোসেন। তিনি বলেন, মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার দক্ষ জনবলকে যদি কাজে লাগানো যায় তাহলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। তিনি আরও বলেন, প্রতিদিন নিজেদের মধ্যে নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া নিয়ে চিন্তা করতে হবে; তাহলে নিজেকে সফল মানুষ হিসেবে গড়ে তোলা যাবে। বিজ্ঞপ্তি