আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পিএসজি

আরও একবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে গেল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। লন্ডনে প্রথম লেগ ১-০ ব্যবধানে জিতে তারা ফাইনালের পথে এগিয়েই ছিল। দরকার ছিল শুধু ঘরের মাঠে দ্বিতীয় লেগের হার এড়ানো। বুধবার রাতে আর্সেনালকে ২-১ গোলে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করে ফেলল প্যারিসের দলটি। ৩১ মে’র ফাইনালে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান।

পার্ক দ্য প্রিন্সেসে দাপটে ম্যাচ শুরু করেছিল আর্সেনাল। চতুর্থ ও অষ্টম মিনিটে দুবার গোলের সুযোগ তৈরি করলেও পিএসজি গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মার প্রতিরোধে সাফল্য আসেনি। এরপর ম্যাচের সময় যত এগিয়েছে, পিএসজি ধীরে ধীরে আক্রমণ বাড়িয়েছে। ২৭তম মিনিটেই ফ্রি কিক থেকে বক্সে আসা বল জালে পাঠিয়ে পিএসজিকে এগিয়ে দেন রুইস।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণের ধার বাড়ানোর চেষ্টা করে আর্সেনাল। ৬৪তম মিনিটে বুকায়ো সাকার জোরাল শট এক হাত দিয়ে প্রতিহত করে দেন দোন্নারুম্মা। ৭২তম মিনিটেই ম্যাচের দ্বিতীয় গোলটি পেয়ে যায় পিএসজি। বদলি নামা উসমান দেম্বেলের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে জোরাল শটে বল জালে পাঠান আশরাফ হাকিমি।  

৭৬ মিনিটে ব্যবধান কমান আর্সেনালের সাকা। মারকিনিওসের থেকে বল কেড়ে লিয়ান্দ্রো ত্রোসার বল বাড়ান সাকার দিকে। প্রথম চেষ্টায় না পারলেও দ্বিতীয়বারে বল জালে জড়ান এই ফরোয়ার্ড। ৮০তম মিনিটে এই সাকা আরেকটি গোলের সুযোগ পেয়েছিলেন। ফাঁকা গোলপোস্ট পেয়েও বল মারেন বারের ওপর দিয়ে। তাই হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় আর্সেনালকে।