দুই গোলে এগিয়ে গিয়েও বেনজেমাদের কাছে রোনালদোর হার

দুই গোলে এগিয়ে থেকেও ফলাফল নিজেদের করে নিতে পারল না আল নাসর। আল-ইত্তিহাদ দেখিয়ে দিল দুর্দান্ত প্রত্যাবর্তন কাকে বলে। সৌদি প্রো লিগের ম্যাচটিতে আল-নাস্‌রকে ৩-২ গোলে হারাল পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আল-ইত্তিহাদ। এই জয়ে শিরোপার আরও একধাপ কাছে এগিয়ে গেল কারিম বেনজেমার দল। অন্যদিকে রোনালদোদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের এলিট আসরে খেলা শঙ্কায় পড়ে গেল।

আল নাস্‌রের শুরুটা ছিল দুর্দান্ত। ম্যাচের তৃতীয় মিনিটেই সাদিও মানের দারুণ ফিনিশিংয়ে এগিয়ে যায় তারা। ৩৭তম মিনিটের ব্যবধান দ্বিগুণ করেন আয়মান ইয়াহিয়া। দ্বিতীয়ার্ধের ৪৯তম মিনিটে আল-নাস্‌রের দুই ডিফেন্ডারের মাঝ থেকে লাফিয়ে হেডে ব্যবধান কমান বেনজেমা।

সেই গোলের মিনিট তিনেক পরই পাল্টা আক্রমণে সমতা ফেরায় আল ইতিহাদ। বেনজেমার দুর্দান্ত পাস থেকে মুসা ডিয়াবি বল পেয়ে বাড়িয়ে দেন আলতো করে। গড়ানো শটে বল জালে পাঠান এনগোলো কন্তে। এরপর দুই দলেরই কিছু আক্রমণ ব্যর্থ হয়। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কাছ থেকে হুসেম আওয়ার শট গোলকিপার ফেরালেও ফিরতি শটে ব্যবধান ৩-২ করেন আলজেরিয়ান এই মিডফিল্ডার।

এই জয়ে লিগ শিরোপা জয়ের পথে অনেকদূর এগোলো ইত্তিহাদ। ৩০ খেলায় তাদের পয়েন্ট ৭১। দ্বিতীয় স্থানের আল আহলির চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে তারা। লিগের আর ৪ রাউন্ড বাকি। ৬০ পয়েন্ট নিয়ে আল নাসর নেমে গেছে চার নম্বরে।