সিবিএফ প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ব্রাজিলের ফুটবলের অবস্থা এমনিতেই করুণ, হারতে হারতে দল তলানিতে চলে যাচ্ছে। দরিভাল জুনিয়রকে বরখাস্ত করার পর নতুন কোচও নিয়োগ হয়নি। এর মাঝেই ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগুয়েজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠল। দোষী প্রমাণিত হলে তিনি সিবিএফ প্রেসিডেন্টের পদ হারাবেন।

এডনাল্ডো রদ্রিগুয়েজকে ২০২৪ সালের শুরুতে অনির্বাচিত অ্যাখ্যা দিয়ে সিবিএফ থেকে অপসারণ করা হয়। কিন্তু ওই বছরের মার্চে তিনি পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হন। নতুন করে অভিযোগ এসেছে, পুনঃনির্বাচিত হওয়ার যে কাগজপত্র এনডাল্ডো দেখিয়েছেন তাতে ভুয়া স্বাক্ষর নেওয়া হয়েছে। আন্তোনিও কার্লোস নুনিয়েজের স্বাক্ষর জাল করে তিনি সিবিএফের চেয়ারে বসেছেন বলে অভিযোগ।

রিপোর্টে বলা হয়েছে, নুনিয়জের হাতের লেখার সঙ্গে স্বাক্ষরের কোনো মিল নেই। এই অভিযোগের প্রেক্ষিতে আগামী ২৮ মে এডনাল্ডকে ক্রীড়া আদলতে শুনানির মুখোমুখি হতে হবে। তার শাস্তি হলে কার্লো আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জনে নতুন মোড় নিতে পারে। তবে সিবিএফ চেষ্টা করছে শুনানির আগেই আনচেলত্তির নিয়োগপ্রক্রিয়া শেষ করে ২৬ মে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার। কিন্তু ইতালিয়ান কোচ কি এতে রাজি হবেন?