হামজা চৌধুরীর মতো আরও একজন প্রবাসী ফুটবলার পাচ্ছে বাংলাদেশ। কানাডা জাতীয় দলে খেলা বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার শমিত সোমকে লাল-সবুজ জার্সিতে খেলার অনুমতি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা। জাতীয় দলের হয়ে মাঠে নামার আগে শমিত সোম বেশ রোমাঞ্চিত।
বাফুফের অফিসিয়াল ফেসবুক পেইজে পোস্ট করা এক ভিডিওবার্তায় দেশের ফুটবল সমর্থকদের ধন্যবাদ জানিয়ে শমিত বলেছেন, ‘আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত। আপনাদের সবার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এই প্রক্রিয়াকে দ্রুত সময়ে শেষ করতে সাহায্য করেছেন, তাদেরকেও ধন্যবাদ।’
কানাডা প্রবাসী শমিত সোমের বাবা-মা দুজনই বাংলাদেশি। বর্তমানে তিনি কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কাভালরি এফসি-তে খেলছেন। গত ১ মে কানাডা সকার অ্যাসোসিয়েশন থেকে ছাড়পত্র পান শমিত। পরদিন কানাডার টরেন্টোর বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলেট অফিসে পাসপোর্টের আবেদন করেন। গত সোমবার পাসপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্রসহ ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে আবেদন করা হয়। ওই আবেদনের প্রেক্ষিতেই বাংলাদেশের হয়ে খেলতে অনুমতি পেয়েছেন শমিত।
কানাডা জাতীয় দলের হয়ে ২টি প্রীতি ম্যাচ খেলেছেন শমিত। এর আগে কানাডা অনূর্ধ্ব-২৩ দলেও খেলেছেন। তবে জাতীয় দল কিংবা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলা কোন ম্যাচেই ফিফার আন্তর্জাতিক টায়ার-১ স্বীকৃতি ছিল না। সব ঠিক থাকলে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে শমিতের অভিষেক হবে। তার আগে ৫ জুনের মধ্যে তার বাংলাদেশে আসার কথা আছে।